বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে বিডিআরসিএসের সিইএ নীতি ও কৌশলবিষয়ক ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার
মানবিক কার্যক্রমে কমিউনিটির সম্পৃক্ততা ও জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) যৌথ উদ্যোগে ‘সংশোধিত সিইএ (কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি) নীতি-২০২৬’ এবং ‘সিইএ কৌশল ২০২৬–২০২৮’ বিষয়ে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
এতে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।
ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুজিবুর রশীদ। অনুষ্ঠানে ইউনিটের সেক্রেটারি দৌলত কবির খান সিদ্দিকী মানবিক সেবায় কমিউনিটির সরাসরি সম্পৃক্ততা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন বিডিআরসিএস জাতীয় সদর দপ্তরের সিইএ ম্যানেজার মো. আমিরুল ইসলাম এবং সিইএ কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান। এ সময় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ আসাদুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে সংশোধিত সিইএ নীতি-২০২৬-এর মূল অঙ্গীকার এবং ২০২৬–২০২৮ মেয়াদের কৌশলগত অগ্রাধিকারগুলো তুলে ধরা হয়। পাশাপাশি ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিট লেভেল অফিসার ও যুব প্রধানের দায়িত্ব-কর্তব্য, সহজবোধ্য তথ্য প্রদান এবং কমিউনিটির মতামত, পরামর্শ ও অভিযোগ কার্যকরভাবে নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া মানবিক সেবার মানোন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে প্রাধান্য দেওয়া এবং বিডিআরসিএসের আসন্ন ৭ম কৌশলগত পরিকল্পনা (২০২৮–২০৩৩) প্রণয়নের লক্ষ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চাহিদা ও চ্যালেঞ্জগুলো নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে আস্থা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়








