বান্দরবান রিজিয়নের আওতায় যুব উন্নয়ন ক্যাম্পেইন যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক,
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান রিজিয়ন প্রশিক্ষণ মাঠে বান্দরবান রিজিয়নের উদ্যোগে বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় ১৪৩ ফিল্ড ওয়ার্কসপ কোম্পানি ইএমই কর্তৃক পরিচালিত ৩ সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সমাপনীও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বেকার যুবসমাজকে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে পার্বত্য বান্দরবান জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিসহ সর্বমোট ১৫৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যুগান্তকারী উদ্যোগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেঃ কর্নেল সায়েম আহমেদ পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানীর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং উক্ত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য শেষে তাদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন ও সার্বিক সফলতা কামনা করেন।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি শনাক্তকরণ, প্রয়োজনীয় মেরামত এবং যানবাহনের নিরাপদ ও সঠিক ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রয়োজনীয় কারিগরি জ্ঞান এবং বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করেন। অর্জিত এ দক্ষতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে আত্মনির্ভরশীল হতে সহায়তা করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে যানবাহনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, অকাল বিকল হওয়া প্রতিরোধ, মেরামত ব্যয় হ্রাস এবং যানবাহনের কার্যক্ষমতা বজায় রাখার ক্ষেত্রেও এ প্রশিক্ষণ ইতিবাচক অবদান রাখবে। বিশেষ করে পার্বত্য বান্দরবান জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এ উদ্যোগ বেকারত্ব হ্রাস এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দুর্গম পার্বত্য অঞ্চলের যুবসমাজকে দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।
বান্দরবান রিজিয়নের এ উদ্যোগ পার্বত্য অঞ্চলে মানবসম্পদ উন্নয়ন, যুবসমাজের ক্ষমতায়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর অব্যাহত প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।








