সুবলং শাখা বন বিহারে কঠিন চীবর দানোৎসবে জুরাছড়ি জোন কমান্ডারের অংশগ্রহণ: সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করার প্রত্যয়

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-  রাঙামাটির জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বন বিহারে ৩৩তম শুভ মহাফলদায়ক কঠিন চীবর দানোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত মহতী পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার আলম, পিএসসি। এ উপলক্ষে জুরাছড়ি জোনের পক্ষ থেকে বিহার পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান ও একটি ফলের ঝুড়ি উপহার প্রদান করা হয়। ধর্মীয় এ আয়োজনে সেনাবাহিনীর অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জোন কমান্ডার সুবলং শাখা বন বিহার পরিদর্শন করেন। এ সময় বিহারে ৩৩তম শুভ মহাফলদায়ক কঠিন চীবর দানোৎসবের পাশাপাশি বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কল্পতরু দান ও নানাবিধ দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবিরের ৭০তম জন্মদিন উদযাপন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ পুণ্যানুষ্ঠানে বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন।

বিহার প্রাঙ্গণে উপস্থিত হলে জোন কমান্ডারকে ব্যাজ পরিয়ে বরণ করেন বিহারের সাধারণ সম্পাদক সুশান্ত চাকমা। এ সময় জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে জোন কমান্ডার স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তাদের কল্যাণে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিহার কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেনাবাহিনীর এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা এ ধরনের উদ্যোগকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনায় সহায়ক এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ, যক্ষ্মাবাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাদিদ রায়হান, জেলা পরিষদ সদস্য অনিল বরণ চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সন্তোষ বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী।

উল্লেখ্য, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের চীবরসহ প্রয়োজনীয় ধর্মীয় উপকরণ দানের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন দান, ত্যাগ, নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার চর্চাকে উৎসাহিত করে।

পার্বত্য চট্টগ্রামের বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে সকল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। সুবলং শাখা বন বিহারের এ মহতী পুণ্যানুষ্ঠানে জুরাছড়ি জোন কমান্ডারের অংশগ্রহণ স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।