স্বাস্থ্যসেবাসহ পাহাড়ের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা দিল বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
বান্দরবান, ২ নভেম্বর: স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও চিকিৎসকের দেখা না পাওয়া বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম শঙ্খমণি পাড়ার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর পাশাপাশি বান্দরবান রিজিয়নের আওতাধীন ৩৮ ইস্ট বেঙ্গল-এর তত্ত্বাবধানে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন পাড়ায় স্থানীয় জীবনমান উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা এবং জনকল্যাণমূলক বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত রবিবার (১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় রোয়াংছড়ি উপজেলার রনি পাড়া ক্যাম্পের আওতাধীন দুর্গম শঙ্খমণি পাড়ায় একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। রুমা জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্পে পাড়ার ৫৩টি পরিবারের মধ্যে মোট ৫৫ জন স্থানীয় বাসিন্দাকে (২০ জন শিশু, ২১ জন নারী এবং ১৪ জন পুরুষ) বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি পাহাড়ি জনপদের দুর্গম এলাকার মানুষের দীর্ঘদিনের মৌলিক সংকট দূরীকরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, বান্দরবান রিজিয়নের সার্বিক দিকনির্দেশনায় এবং রুমা জোন এর তত্ত্বাবধানে স্থানীয় পাড়াবাসীর বিভিন্ন বাস্তব চাহিদা বিবেচনা করে একাধিক কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দুর্গম পাহাড়ের জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এসব উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন পাড়ায় সুপেয় পানির নিশ্চয়তা, বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বিতরণকৃত মালামাল ও সহায়তার বিস্তারিত বিবরণ: সুপেয় পানির সংকট নিরসনে ১ হর্স পাওয়ারের সাবমারসিবল পাম্প ০১টি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৫ কেভি অকটেন চালিত জেনারেটর ০১টি এবং সভা ও সামাজিক আয়োজনের জন্য ৫০টি চেয়ার, দুর্গম জনপদে আলোর ব্যবস্থা নিশ্চিত করতে ১টি সোলার লাইট সেট, সুপেয় পানি উত্তোলনের সুবিধার্থে ১ হর্স পাওয়ারের সাবমারসিবল পাম্প ০১টি, বিদ্যুৎ সংযোগের জন্য ৩৫০ ফুট ইলেকট্রিক তার এবং ৭.৫ কেভি ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী অকটেন চালিত জেনারেটর, পাড়ার সামাজিক কার্যক্রম ও কমিউনিটি সেন্টারের সার্বিক ব্যবহারের জন্য ১০০ ওয়াটের সোলার প্যানেল ০১টি, ১২ ভোল্ট ১০০ অ্যাম্পিয়ার ব্যাটারি ০১টি, ২০ গজ সোলার তার এবং সুপরিসর আয়োজনের জন্য ৫০টি চেয়ার।
বান্দরবান রিজিয়নের রুমা জোনের রনি পাড়া ক্যাম্পের এই উদ্যোগ পাহাড়ের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি তাদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দৃঢ়ভাবে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষের যেকোনো দুর্ভোগ লাঘবে এবং তাদের আত্মসামাজিক উন্নয়নে এ ধরনের চিকিৎসাসেবা, সুপেয় পানি সরবরাহ ও বহুমুখী মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








