রুমায় প্রসবজনিত জটিলতায় অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নিতে সহযোগিতা করল সেনাবাহিনী

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

জমির উদ্দিন,বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যদের তৎপরতায় হাসপাতালে পৌঁছানোর পথে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে মা ও নবজাতককে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে রুমা উপজেলার সুংসাং পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকার বাসিন্দা ভানইন ময় বম (স্বামী: লাল হুন সাং বম) প্রসবজনিত জটিলতা নিয়ে সুংসাং পাড়া আর্মি ক্যাম্পে আসেন। এ সময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আতনাইন ইনকিয়াদ (১৬ ইবি) তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন।

পরবর্তীতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ১০ জন সেনাসদস্য তাঁকে নিয়ে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে যাওয়ার পথে রাত ৯টা ১৫ মিনিটে মুনলাই পাড়ার আগে ১১ কিলোমিটার নামক স্থানে তাঁর প্রসবজনিত জটিলতা আরও বেড়ে যায়। এ সময় সড়কেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরে সেনাসদস্যদের সহযোগিতায় মা ও নবজাতককে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. পাপিয়া তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করেন।

চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা শেষে মা ও নবজাতকের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রোগীর স্বজনদের জানিয়েছেন, বর্তমানে মা ও নবজাতক আশঙ্কামুক্ত রয়েছেন।

প্রসবজনিত জটিলতার এমন পরিস্থিতিতে দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সদস্যদের দ্রুত সহযোগিতা এবং মা ও নবজাতককে হাসপাতালে পৌঁছে দেওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।