মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় বান্দরবানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

বিশেষ  প্রতিনিধি, বান্দরবান

কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী জননেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানে এক কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।
মীর মোহাম্মদ নাসির উদ্দিন তৃণমূল থেকে উঠে আসা বিএনপির একজন বর্ষীয়ান ও পরীক্ষিত জাতীয় নেতা। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর সুযোগ্য হাত ধরেই তাঁর রাজনৈতিক আদর্শ ধারণ করে তাঁর সন্তান মীর হেলাল উদ্দিনও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রাজনৈতিক জ্ঞান, দূরদর্শিতা ও অভিজ্ঞতা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজন। জিয়া পরিবারের আদর্শ বাস্তবায়নে এবং দেশের জনগণের অধিকার আদায়ে তিনি আজীবন কাজ করে গেছেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং মীর মোহাম্মদ নাসির উদ্দিনের পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।