বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব, ভক্তদের মিলনমেলায় মুখর মন্দির প্রাঙ্গণ

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

বিশেষ  প্রতিনিধি:

ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভজন-কীর্তন আর ভক্তদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছিল পার্বত্য জেলা বান্দরবানের কালাঘাটাস্থ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির প্রাঙ্গণ।

নানা আয়োজনের মধ্য দিয়ে সেখানে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব। জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে সাত উপজেলা থেকে আসা প্রায় ৫ থেকে ৬ হাজার সনাতনী ভক্তের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক বৃহৎ ধর্মীয় মিলনমেলায়।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বান্দরবানের উদ্যোগে এ মহোৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই মন্দিরে ভক্তদের সমাগম শুরু হয়।

সকালে ভগবান গিরিরাজ গোবর্ধন ও ভগবান জগন্নাথ দেবের রাজবেশ দর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন-কীর্তন ও গোমাতার পূজা অনুষ্ঠিত হয়।

দুপুরে ভক্তদের অংশগ্রহণে গিরিরাজ গোবর্ধনের বিশেষ পূজা, ভোগ আরতি ও কীর্তন অনুষ্ঠিত হয়। এরপর আয়োজন করা হয় অন্নকূট দর্শনের। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্তদের মধ্যে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়।

ইসকন বান্দরবান মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ অমল হরি গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রামের বলিষ্ঠ প্রচারক গণপতি কৃষ্ণ দাস ব্রহ্মচারী, বান্দরবান শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উপদেষ্টা দিলীপ ভট্টাচার্য, সাবেক সদস্য সচিব আনন্দ দাশ, দুর্গাপূজা উদযাপন পরিষদ বান্দরবানের সাবেক সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু, রক্ষা কালী মন্দির বালাঘাটার উপদেষ্টা মিত্র দাশ, কালের কণ্ঠের সাংবাদিক রিমন পালিত,পার্বত্য জেলা পরিষদের তিমির পাল, আশীর্বাদ সংঘ ও সনাতনী বিদ্যার্থী সংসদ বান্দরবানের উপদেষ্টা সুমন দাশ এবং বিশিষ্ট ব্যবসায়ী বিমল কান্তি দাশ ও বাবুল বিশ্বাস। এ ছাড়া ইসকন বান্দরবান মন্দিরের রামানুজ আচার্য দাস ও হেমময় নিত্যানন্দ দাসসহ বিভিন্ন পর্যায়ের ভক্ত ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

ধর্মসভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলার মাহাত্ম্য ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, গোবর্ধন পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এর সঙ্গে প্রকৃতি, জীবজগৎ ও মানুষের কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে। এ উৎসব মানুষকে ভক্তি, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। আলোচনা শেষে বিশ্বজগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দীপাবলির পর গোবর্ধন পূজার দিনে অন্নকূট মহোৎসব উদযাপন করা হয়। অন্ন অর্থ খাদ্য এবং কূট অর্থ পাহাড়। এ উৎসবে বিভিন্ন ধরনের খাদ্য পাহাড়ের আকৃতিতে সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের লীলাকে স্মরণ করেই এই পূজার প্রচলন। ধর্মীয় বিশ্বাসে এ আয়োজন ভগবানের প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ।

এবারের মহোৎসবে বান্দরবানের বিভিন্ন উপজেলা থেকে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। দীর্ঘদিন পর একই আয়োজনে বিভিন্ন এলাকার ভক্তদের মিলন, ধর্মীয় আলোচনা ও প্রার্থনায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এমন আয়োজন ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।