বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চিংঞামুখ পাড়া বৌদ্ধ বিহারে দিনব্যাপী আয়োজন করা হয় পরম পূজনীয় ভদন্ত কোসলা থের এর শেষ শ্রদ্ধা অনুষ্ঠান।
১০ মার্চ রোয়াংছড়ির উপজেলার তাড়াছা ইউনিয়নে মারমা সম্প্রদায়ের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ও বৌদ্ধ রীতি অনুসরণ করে ফুল, ধূপ, প্রদীপ এবং ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।
এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বরুয়া, এবং বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, স্থানীয় হেডম্যান-কার্বারী, বিভিন্ন বৌদ্ধ বিহারের পরম পূজনীয় ভান্তে ও ধর্মীয় গুরু।
উৎসবটি শুরু হয় বৌদ্ধ বন্দনা, ত্রিশরণ গ্রহণ ও পঞ্চশীল পাঠের মধ্য দিয়ে। ভিক্ষুসংঘের নেতৃত্বে ধর্মগ্রন্থ পাঠ, ধর্মদেশনা ও বিশেষ প্রার্থনা করা হয়, যাতে প্রয়াত ভদন্ত কোসল থেরের আত্মার শান্তি হয় এবং তাঁর কর্মময় জীবন ও ধর্মীয় অবদান স্মরণ করা যায়।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মারমা সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিফলন ঘটে। স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশন করেন, যা এই সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের অনন্য রূপ ফুটিয়ে তোলে। শেষপর্বে ভিক্ষুসংঘের নেতৃত্বে ধর্মীয় মন্ত্রপাঠ, প্রার্থনা ও পুণ্য উৎসর্গের মাধ্যমে ভদন্ত কোসল থেরকে চিরবিদায় জানানো হয়।
হাজারো ভক্তবৃন্দ, শিষ্য ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে অশ্রুসজল চোখে তাঁদের প্রিয় ধর্মীয় গুরুকে বিদায় জানান। এই অনুষ্ঠান শুধু বিদায়ের আয়োজন নয়, বরং মারমা সম্প্রদায়ের ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রকাশ হয়ে স্থানীয় মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।