গর্জনিয়া সমিতির বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হলেন মাস্টার ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাস্টার আলাউদ্দিন

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গর্জনিয়া সমিতির বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাস্টার ফারুক আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মাস্টার আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় গর্জনিয়া বাজারে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে সদস্যদের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাস্টার ফারুক আহমদ ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি মাস্টার ইসহাক পেয়েছেন ৮ ভোট। ফলে ৩ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন মাস্টার ফারুক আহমদ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাস্টার আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার মোহাম্মদ বাদশা মিয়া। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার মোহাম্মদ কাশেম, হাজী আবু তালেব, জিয়াবুল হক ও মুজিবুর রহমান (লিটন)।
উল্লেখ্য, গর্জনিয়া সমিতি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় পর্যায়ে সংগঠনটির বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ইতোমধ্যে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ঐক্য বজায় রেখে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের কল্যাণে গর্জনিয়া সমিতি আগামী দিনেও আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।








