রুমার দূর্গম ৭টি অবহেলিত গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক,
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রুমা জোনের আওতাধীন দূর্গম ৭টি গ্রামের বাসিন্দাদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি (বার), পিএসসি, অধিনায়ক, ৩৬ বীরের সার্বিক তত্ত্বাবধানে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় দূর্গম পাড়ার মানুষের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন শিক্ষা ও জনকল্যাণমূলক সামগ্রী হিসেবে পুরোনো নোকো পাড়ায় সিকিউরিটি লাইট, পানির ট্যাংক ও সোলার সিস্টেম, এনো পাড়ার স্কুলের জন্য আলমারি, সিকিউরিটি লাইট, ও সোলার সিস্টেম, প্রংফুং পাড়া,মেনরুই পাড়া, নতুন নোকো পাড়ায় সোলার সিস্টেম, সিকিউরিটি লাইট এবং কেউতাই ও খুলিয়ান পাড়ায় ফুটবল,ভলিবল, ভলিবল নেট ও বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, সদর ইউনিয়নের দূর্গম এনো পাড়ায় শতাধিক মানুষের বসবাস। ৩৮ জন শিক্ষার্থী নিয়ে রয়েছে মাত্র একটি বিদ্যালয়। দীর্ঘদিন ধরে পানির সংকটসহ নানান সুযোগ-সুবিধার অভাবে কষ্টে দিন কাটছে এই অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীদের।
এনো পাড়া স্কুলের শিক্ষক মেনওয়াই ম্রো জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য একটি আলমারি ও পাড়াবাসীদের জন্য পানির পাইপ দিয়েছেন।পাশাপাশি জোন কমান্ডার মহোদয় শিক্ষা সামগ্রী প্রদানের আশ্বস্ত করেছেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এ-ধরণের মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।
পুরাতন নোকো পাড়ার বাসিন্দা জানান, একটা সময় পানির জন্য পাড়ি দিতে হতো মাইলের পর মাইল, বিশেষ করে গর্ভবতী মহিলাদের পানি সংগ্রহের জন্য হাঁটতে হতো ঘন্টার পর ঘন্টা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ২ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংক দিয়েছেন পাশাপাশি সোলার সিস্টেম দিয়েছেন। যেটির মাধ্যমে পানির সংকট নিরসনের পাশাপাশি সন্ধ্যার পর শিক্ষার্থীরা নির্দ্বিধায় লেখাপড়া চালিয়ে যেতে পারবে।
রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার এসবিপি(বার), পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী দূর্গম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে মানবিক কার্যক্রম পরিচালিত করে আসছে। বিশেষ করে রুমা উপজেলার দূর্গম গ্রাম গুলোতে যেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং পানির পর্যাপ্ত চাহিদা মেটানো কঠিন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী পৌঁছে দিচ্ছে শিক্ষা সামগ্রী, মেডিকেল ক্যাম্পিং, পানির ট্যাংক, পাইপ এবং প্রয়োজনীয় আসবাবপত্র। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন যাত্রাকে সহজ করে তুলতে ভবিষ্যতে এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, দূর্গম পাহাড়ি জনপদে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ শুধু মানুষের প্রয়োজন পূরণেই নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতেও সহায়ক হবে।








