সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত “ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ” কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ কার্যক্রম বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে মেঘলা টিটিসি কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। প্রশিক্ষণ শেষে মোট ১৯ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী, অধ্যক্ষ, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা, বান্দরবান।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তরুণদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা সৃষ্টি এবং স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবানে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ আয়োজন স্থানীয় জনগণের পাশে সেনাবাহিনীর দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের উৎসাহিত করা হয়। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








