নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘গ্রামীণ নারীদের অগ্রযাত্রা: নারীর ক্ষমতায়নেই গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ নারীদের অধিকার, ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রকল্পের সহকারী কর্মকর্তা মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান। লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুদ্দীন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জায়তুন্নাহার ও সাহাব উদ্দিন মেম্বার। এ সময় স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো জরুরি। পরিবার, সমাজ ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নানা সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক নারী তাঁদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারছেন না।
বক্তারা আরও বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জিএফএ কনসাল্টিং গ্রুপ, জিএমবিএইচ জার্মানির সহযোগিতায় এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) আওতায় আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে ছিল গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন), বান্দরবান। উদ্যোগটির মাধ্যমে গ্রামীণ নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতি বছর ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়। গ্রামীণ নারীদের অবদান তুলে ধরা, তাঁদের অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এ দিবসের মূল উদ্দেশ্য।